৩ মে ময়মনসিংহে ইভিএম মহড়া

২৬ এপ্রিল, ২০১৯ ০৪:০৮  
আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের এই দ্বাদশ সিটির সব কটি কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ জন্য আগামী ৩ মে থেকে সবকটি কেন্দ্রে ইভিএম বসিয়ে সরাসরি ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি দেখানো হবে। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান জানিয়েছেন, ‘ইভিএমে ভোটের পদ্ধতি শেখানোর জন্য এরই মধ্যে এ সংক্রান্ত একটি অফিস অদেশ জারি করা হয়েছে। ভোটগ্রহণের দুদিন আগে অর্থাৎ ৩ মে পুরো সিটির সব ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হবে। ওই দিন সিটির মোট ১২৭টি কেন্দ্রে দুটি করে অর্থাৎ ২৫৪টি ইভিএমের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই শেখানোর কার্যক্রম চালানো হবে। ভোটের দিন তাদের ভোট দিতে কোনোপ্রকার সমস্যা না হয় সে জন্যই এই মহড়া হবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ, আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল ও ২ মে এই পাঁচদিন কেন্দ্রে কেন্দ্রে ভোটার এডুকেশন বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সেখানেও ভোটাররা ভোটদান এবং ভোট সম্পর্কে তথ্য পাবেন। সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ইকরামুল হক টিটু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে এই সিটিতে কেবল কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ভোট নেবে ইসি। ময়মনসিংহ সিটিতে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ছয় হাজার ৯৩৮ জন। তাঁরা ১২৭টি কেন্দ্রের ৮২৯টি ভোটকক্ষে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এতে ব্যবহার করা হবে মোট দুই হাজার ২৬টি ইভিএম। ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন এক হাজার চারজন প্রিজাইডিং কর্মকর্তা এবং এক হাজার ৭৪১ জন পোলিং কর্মকর্তা। ভোটগ্রহণ কর্মকর্তাদের সহায়তা করার জন্য ১৫০ জন টেকনিক্যাল সাপোর্ট ও ডাটা এন্ট্রি অপারেটর এবং সশস্ত্রবাহিনীর নিরস্ত্র সদস্যরাও থাকবেন।